বদলগাছীতে অবৈধভাবে মজুদকৃত ৫শ’ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার নিমতলী গ্রামে শ্বশুরবাড়িতে অবৈধভাবে মজুত করা ৫শ’ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নিমতলী গ্রামের মো. জাহিদুল ইসলাম এর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, অভিযান কালে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।
জানা গেছে, শিবলু নামে এক ব্যবসায়ী তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে উন্নত জাতের আতপ চালের এসব বস্তা মজুত করেন। কিন্তু চাল মজুতের জন্য তার কোনো লাইসেন্স ছিল না। তিনি কীটনাশকের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে চাল মজুত করেছিলেন।
স্থানীয়রা জানান, বেশি দামে চাল বিক্রির জন্য এসব চাল লুকিয়ে রাখা হয়েছিল, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়।
উপজেলা সহকারী কমিশনার আতিয়া খাতুন বলেন, চাল মজুদের কোন বৈধ কাগজপত্র না থাকায় এটি অবৈধ। আইন অনুযায়ী মজুতকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালগুলো আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান জানান, ৫শ’ বস্তা চাল সিলগালা করা হয়েছে।
অভিযানের সময় প্রশাসনের লোকজন, খাদ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।।





















