বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি ও সার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য আলজেরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এ বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, অর্থনৈতিক অংশীদারত্ব, খেলাধুলা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের বিষয়টি গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে আলজেরিয়া ও বাংলাদেশ উভয় দেশই বৈশ্বিক উষ্ণায়নের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই অভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি দেশ যৌথভাবে কাজ করতে পারে। একই সাথে আলজেরিয়ায় বাংলাদেশের পরিবেশবান্ধব ও পচনশীল পাট এবং পাটজাত পণ্য রপ্তানির ব্যাপক সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে দেশটির আগ্রহ ও সহযোগিতা কামনা করেন।
প্রতিউত্তরে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি দুই দেশের দীর্ঘদিনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জ্বালানি সরবরাহ, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ খাত, ক্রীড়া-সংস্কৃতি এবং উচ্চপর্যায়ের সরকারি সফর বিনিময়ের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ত্বরান্বিত করার বিষয়ে তাঁর দেশের ইতিবাচক অবস্থান তুলে ধরেন।
























