বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নতুন কমিটি

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দু’দেশে জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড়তর, সৌহার্দ্যপূর্ণ, জোরদার ও বহুমাত্রিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম এবং নারায়ণ সাহা মনিকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির ৫৩ (তিপ্পান্ন) সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
সংগঠনটি সম্পর্কে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মৈত্রীর বন্ধন ঐতিহাসিক, অচ্ছেদ্য ও অভিন্ন। বাংলাদেশ অভ্যুদয়ের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দ্রিরা গান্ধী দু’দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় ও জোরদার করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি গঠিত হয়।

















