বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক।।
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্বব্যাংকের বৈঠকের মাধ্যমে চুক্তির বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হবে। মূল নীতিগত বিষয়গুলোতে বড় কোনো মতপার্থক্য না থাকলেও আলোচনার ভিত্তিতে যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে চুক্তির চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।
শুক্রবার দুপুরে থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে দিনের শুরুতে সিরিকিত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যাংক অব আমেরিকা, গুগল, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মুডিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনা, আর্থিক খাতের সংস্কার এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকগুলোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থাগুলোও দেশের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার গুরুত্ব উপলব্ধি করতে পারছে।
তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
জনগণের ভোটে নির্বাচিত সরকারের নির্বাচনি ইশতেহার ও কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট উন্নয়ন কাঠামো চুক্তি প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই কাঠামোর মাধ্যমে সরকারের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিত কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট আলোচনায় উঠে এসেছে।
সকালে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পূর্ণাঙ্গ অধিবেশনের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে স্বল্প আয়ের দেশগুলোর জন্য পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব উন্নয়ন সহযোগীর আন্তরিক সমর্থন ও যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বব্যাংক ও আইএমএফের প্রধানরা।


























