বেলা ১১ টায় শুরু হবে এসএসসি পরীক্ষা

বেলা ১১ টায় শুরু হবে এসএসসি পরীক্ষাআগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে বেলা ১১ টা থেকে শুরু হবে। চলবে দুপুর একটা পর্যন্ত। পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীরা যেন যানজটের কবলে না পড়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রোববার যশোরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় শহরে ইজিবাইকের কারণে যত্রতত্র যানজট ও হঠাৎ ভাড়া বৃদ্ধির বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, পৌরসভার প্রতিনিধি ও ইজিবাইক চালক সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে বৈঠক করে নিরসন করা হবে বলে সিদ্ধান্ত হয়।
যশোরে এবার ৭২৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপনে জিরো টলারেন্সে থাকবে প্রশাসন। সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তায় পূজামন্ডপে বসবে সিসি ক্যামেরা। পাশাপাশি থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বক্ষণিক তদারকি। জেলা এবং উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করবে মনিটরিং টিম। মাঠে থাকবে র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। জেলা পুলিশের নেতৃত্বে থাকবে স্ট্রাইকিং ফোর্স। শারদীয় দুর্গাপূজায় যশোরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীল সমাজ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কালেক্টরেট সভাকক্ষে সকাল সাড়ে দশটায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সভায় বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।
সভায় সামাজিক সম্প্রীতি কমিটি সক্রিয় করা, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বেপরোয়া মোটরসাইকেল চালনা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি ও জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। ধর্মীয় উৎসব বা বিশেষ দিবসে একশ্রেণির মানুষ পরিবেশ ঘোলাটে করে ফায়দা লোটার অপচেষ্টা করে। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে না। তিনি বলেন, সোস্যাল মিডিয়ার অপব্যবহার করে কেউ কেউ সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে মতবিরোধ থাকতে পারে। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজে কারো সম্পৃক্ত হওয়া কাম্য নয়। পূজার মধ্যে এ ধরনের রাজনীতি না করার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।
আলোচনায় আরও অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ঝিকরগাছা পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, পাবলিক প্রসিকিউটর ইদ্রিস আলী, জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম, বিজিবি কর্মকর্তা মাসুদুর রহমান, র্যাবের ডিএডি আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।




















