ভারতে আটক ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ২৬ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরের বেনিপুর সীমান্তে আন্তর্জাতিক সীমানার শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জন শিশু, ছয়জন নারী এবং সাতজন পুরুষ রয়েছেন। এদের সবার বাড়ি কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায়।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাস করায় সেখানকার পুলিশ ওই বাংলাদেশিদের আটক করে এবং পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফ ২৬ জনের একটি তালিকা বিজিবির কাছে পাঠায়। যাচাই-বাছাই শেষে তালিকা নিশ্চিত করে বিজিবি হস্তান্তরের জন্য সম্মতি দেয়।
জানা গেছে, বেনিপুর সীমান্তের ৬৪ নম্বর মেইন পিলারের নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কোম্পানি কমান্ডার পর্যায়ে। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে আটক বাংলাদেশিদের বিজিবির হাতে তুলে দেয়।
হস্তান্তরের পর বিজিবি জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে এবং সন্ধ্যায় তাদের পুলিশের জিম্মায় দেয়।





















