মুন্সিগঞ্জ কবর খুঁড়ে ১৪ কঙ্কাল চুরির অভিযোগ

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার যশলং কবরস্থান থেকে এক রাতেই ১৪টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
সংঘবদ্ধ কোন চোরের দল ওই কবরস্থানের বিভিন্ন পুরোনো কবর খুড়েঁ কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় বলে স্থানীয়দের ধারণা।
অভিযোগ, গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় কঙ্কালগুলো চুরি হয়। বুধবার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। এলাকার শত শত মানুষ কবরস্থানে উপস্থিত হয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ভিটি মালধা গ্রামের বাসিন্দা পনির মোল্লা বলেন, ‘গতকাল আমার মা মারা গেছে। সকালে মায়ের কবর খুঁড়তে এসে দেখা যায় পাশের কয়েকটি কবর খনন করা। পরে লোকজন খবর দিলে তারা এসে দেখে গোরস্থানের প্রায় ১৬টি কবর একই অবস্থায় রয়েছে।’
স্থানীয় সুমন মোল্লা নামের এক ব্যক্তি বলেন, ‘কবর খুঁড়ে আমার বাবার লাশ এর মাথা ছিঁড়ে নিয়ে গেছে। তবে লাশের বাকি অংশ কবরে রয়েছে।’
এলাকাবাসী বলেন, আজ ভোরে কয়েকজন স্বজন ওই কবর জিয়ারত করতে যান। এ সময় তাঁরা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেন। লোকজন এসে ১৬টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান।
গোরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার শেখ বলেন, ‘গোরস্থানে এসে দেখি বেশ কয়েকটি কবর খুঁড়ে রাখা হয়েছে তবে প্রায় ৭/৮টি কবরের কঙ্কাল পাওয়া যায়নি।’
যশলং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সালাম শেখ বলেন, ‘আমি খবর পেয়ে গোরস্থানে এসে দেখি ১৪টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। পুলিশকে খবর দেয়া হয়েছে।’
এদিকে কঙ্কাল চুরির খবর পেয়ে এলাকার শত শত মানুষ কবরস্থানে গিয়ে ভিড় করেন। বেশ কয়েকজন স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, যশলং এই কবরস্থান থেকে এভাবে কঙ্কাল চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। এটা আতঙ্কিত হওয়ার মতো একটি ব্যাপার। যাতে পরবর্তীতে এমন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
<1>
মুন্সিগঞ্জে মর্টার শেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের সহায়তার উদ্যোগ প্রশাসনের
মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মাটির নিচ থেকে উদ্ধারকৃত মর্টার শেল নিস্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের সহায়তার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ‘গত ২৯ এপ্রিল বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মাটির নিচে চাপাপড়া অবিস্ফোরিত উদ্ধারকৃত মর্টার শেল নিস্ক্রিয় করনের পর আশপাশের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরুপণের লক্ষ্যে তদন্তপূর্বক মতামত সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হলো’
কমিটিতে আহবায়ক করা হয়েছে গজারিয়া থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলামকে। এছাড়া সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রায়হান ফারুক।
কমিটির অন্য সদস্যরা হলেন- বালুয়াকান্দি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফিরোজ মিয়া, স্থানীয় প্রতিনিধি মো. বোরহান উদ্দিন ভুইয়া, মো. মনিরুজ্জামান, মো. হেলাল উদ্দিন ভুইয়া ও মাসুদ প্রধান ইপু।
গঠিত কমিটিকে আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
প্রসঙ্গত; গেল সোমবার (২৮ এপ্রিল) সকালে আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় একটি মর্টার শেল উদ্ধার হয়। পরদিন মঙ্গলবার রাত ৮টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে সেটি নিস্ক্রিয় করতে গেলে আশপাশের অন্তত ৫টি বিল্ডিংয়ে ফাটল ধরে, ক্ষতিগ্রস্থ হয় অন্তত ৭০টি টিনের ঘর। এছাড়া উচ্চশব্দে ভারসাম্য হারায় ১৫টি গবাদী পশু।
























