রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চুয়াডাঙ্গার সুমন আটক

ট্রেন চলাচল বন্ধ নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদকে (২৫) আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত দেড়টার সময় তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটক সুমন আহমেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
তাকে বুধবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা থেকে রাজশাহীতে নেয়া হয়।
বুধবার সকালে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, রাজশাহী রেলস্টেশনে গত মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে ট্রেন চলাচল বন্ধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়। এ মামলায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদকে আটক করা হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজশাহী জিআরপি থানার স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। রাজশাহী আদালতে তাকে সোপর্দ করা হবে।
চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, মামলার পর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে সুমন আহমেদকে আটক করে সদর থানা পুলিশ।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমীর এক্সপ্রেস ট্রেনে। রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেলওয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করে। ওই সময় রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। পরে বিক্ষুব্ধ যাত্রীরা রেলওয়ের দুইজন স্টাফকে আটকে রাখে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবী তোলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করে কর্তৃপক্ষ।





















