লামায় ইয়াবা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বান্দরবানের লামা উপজেলায় ইয়াবা সেবন এবং জনবিরক্তিকর আচরণের অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ জুন ২০২৫) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনেরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করে প্রশাসনের টিম। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান, আটক তিন ব্যক্তির মধ্যে একজনকে ১০ দিনের এবং অপর দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় জনশৃঙ্খলা রক্ষা এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।























