শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রভাষক সোহেলী আক্তার বরখাস্ত

অনলাইন ডেস্ক : শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ গভর্নিং বডির জরুরি সভায় প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকৃত সোহেলী আক্তার রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে নিজের ফেসবুক আইডিতে ‘গভীর শোক’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন। ওই ফটোকার্ডে শেখ মুজিবুর রহমানের ছবিও ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।
প্রভাষক সোহেলী আক্তার বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিনা কিছুই জানি না। রোববার ছুটি নিয়ে এসেছি। আজকে (সোমবার) কি হয়েছে জানি না। আমার কিছু বলার নেই।
জানা গেছে, গত রোববার (১৬ আগস্ট) কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নেন সোহেলী আক্তার। ওই দিন তার ফেসবুক পোস্টটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে রাতে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ সোমবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় নন্দনগাছী কলেজ ছাত্রদল। সকালে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে জড়ো হয়ে সোহেলী আক্তারের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে কলেজ গভর্নিং বডির জরুরি সভা করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
নন্দনগাছী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান সাহেদ বলেন, সোহেলী ম্যাম কলেজে আওয়ামী লীগের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এজন্য আমরা তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছি।
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রভাষক সোহেলী আক্তার প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ফেসবুকে এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। তাই কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সর্বসম্মতিক্রমে সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে শোকজ করা হয়নি। তবে এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

























