শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চান জেড আই খান পান্না, ট্রাইব্যুনালের ‘না’

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হওয়ার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
মঙ্গলবার (১২ আগস্ট) তার আবেদন আদালতে উপস্থাপন করেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন ও আইনজীবী নাজনীন নাহার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এসে এই আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে জানায়—এই মুহূর্তে কোনও আবেদন গ্রহণযোগ্য নয়। আদালত উদাহরণ টেনে বলেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই।
ট্রাইব্যুনাল জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হননি। পরে বহু অনুসন্ধানের পর তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। ফলে এখন নতুন করে আইনজীবী নিয়োগের আইনি সুযোগ নেই।
এর আগে গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ইতোমধ্যেই কয়েকদিন ধরে শুনানি পরিচালনা করেছেন। তাই ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার আবেদন গ্রহণ করেনি।
























