সাবেক কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল সংবাদদাতা।।
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সমকাল পত্রিকার বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, ২০২৩ সালে সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পান পুলক চ্যাটার্জী। তিনি তার সাবেক কর্মস্থলে আসা-যাওয়া করতেন । তিনি বিভিন্ন সময় পত্রিকা পড়ার জন্য অফিসে আসতেন।
সুমন চৌধুরী আরও জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে অফিস খুলতে গেলে দরজা ভেতর থেকে আটকা দেখে তিনি ফাঁকা দিয়ে দেখেন পুলক চ্যাটার্জী গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। এ সময় তিনি আশপাশের লোকজন খবর দিলে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরও বিষয়টি তদন্ত করে বলা যাবে। এখানে সিআইডি টিম তদন্ত করবে বলে জানায় পুলিশ।
এদিকে পুলক চ্যাটার্জির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালের মিডিয়া অঙ্গনে। তার মরদেহ উদ্ধারের খবরে সহকর্মী ও সহযোদ্ধারা ছুটে আসেন ঘটনাস্থলে। কি কারনে এমন ঘটনা ঘটলো সে বিষয়টি তদন্ত করার দাবী জানিয়েছেন সহকর্মীরা।
জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জী বরিশাল প্রেসক্লাবের বর্তমান কার্যকরি কমিটির সদস্য হিসেবে রয়েছেন।



















