সারাদেশে ট্রেন ধর্মঘট, যে আহ্বান জানালেন জামায়াত আমির

রেলওয়ের রানিং স্টাফদের ডাকে সারাদেশে ট্রেন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ আহ্বান জানান জামায়াত আমির।
জামায়াত আমির ফেসবুকে লেখেন, ‘আগামী ৩১ জানুয়ারি জুমাবার থেকে তুরাগ নদীর তীরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমায় সারা দেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করে থাকেন। আজ থেকে রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, তাবলীগী জামায়াতের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন এবং ন্যায় সঙ্গত দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান করুন।’
শফিকুর রহমান লেখেন, ‘আশা করি ধর্মঘট আহ্বানকারী সংশ্লিষ্ট সকলেই ধর্মীয় ও মানবিক এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিবেন।’
প্রসঙ্গত, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে সারাদেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে করে বন্ধ রয়েছে দেশের ট্রেন চলাচল। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

























