চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক।।
দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
চীনের শিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, দুই বছর পর তাদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে এবং তারা কোনো ধরনের সাজা হ্রাস বা প্যারোলের সুযোগ পাবেন না।
দুইজনকেই ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের সব ব্যক্তিগত সম্পদ জব্দ করা হয়েছে। দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণের পর এই ঘোষণা এলো।
ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মার্চে তার স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে লি শাংফু’র দায়িত্বকাল ছিল খুবই সংক্ষিপ্ত। ২০২৩ সালের অক্টোবর মাসে লি শাংফুকেও বরখাস্ত করা হয়।





















