চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত এই প্যারেডে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পুলিশ ইউনিট থেকে আগত অফিসার ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্যারেড অনুষ্ঠানে অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার পুলিশ সদস্যদের কিট সামগ্রী পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন। কিট পরিদর্শনের সার্বিক বিষয় দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রাপ্যতার প্রাধিকার অনুযায়ী বিভাগীয় পোশাক ভাণ্ডার থেকে প্রয়োজনীয় মালামাল দ্রুত সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে সুনির্দিষ্ট নির্দেশনা দেন। পাশাপাশি কিট বা মালামাল সংক্রান্ত যেকোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন তিনি।
সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি বাহিনীর শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা, সঠিক ড্রেস রুলস মেনে পূর্ণাঙ্গ পোশাক পরিধান করা, নিজস্ব স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সর্বোপরি সাধারণ মানুষের সাথে সদাচরণ ও পেশাদারিত্ব প্রদর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উক্ত প্যারেড ও কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজ উল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।




















