জ্বালানি নিরাপত্তা জোরদারে ৭ লাখ টন তেল আমদানির অনুমোদন

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।। দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিসিইএর ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রচলিত সরকারি পর্যায়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।
সংশ্লিষ্ট প্রস্তাবে বলা হয়েছে, অতিরিক্ত এই জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
পরিবহন, শিল্প ও বিমান চলাচল খাতে বাড়তি জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বছরের শেষ চার মাসে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতেই অতিরিক্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।




















