নরসিংদীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে পিটিয়ে হত্যা

নরসিংদী সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে ৬ জন আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তের গুলিতে অন্তত ৬ আন্দোলনকারী গুলিবিদ্ধ হন।
আজ রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন (৪০), নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৮), জেলা পরিষদের সাবেক সদস্য শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভূইয়া ওরফে নাতি মনির (৪২),মোক্তার হোসেন (৩০) আব্দুল জলিল (৩৫) সজিব হোসেন (২৫)।
আহত আন্দোলনকারীরা হলেন- সুমন মিয়া (৩৫), সোহেব (৪১), আল আমিন (২৫)। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে এবং মীর জাহাঙ্গীর (৩০) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের মিছিল প্রতিরোধ করতে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উত্তেজিত ছাত্র-জনতা তাদেরকে ধাওয়া করেন। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা দৌড়ে পালাতে থাকেন। এ সময় ৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেন। আন্দোলনকারীরা মসজিদ থেকে ধরে বের করে এনে মাসজিদের সামনেই পিটিয়ে ৬ জনকে হত্যা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নাতি মনিরের মরদেহ তার পরিবার ঘটনাস্থল থেকে নিয়ে গেছে। বাকিদের মরদেহ মসজিদের সামনেই পড়ে রয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এর সংগে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

























