লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চান টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন। ৮ জুন (রোববার) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ড. ইউনূসকে এক চিঠির মাধ্যমে সাক্ষাতের প্রস্তাব দিয়েছেন টিউলিপ।
চিঠিতে টিউলিপ উল্লেখ করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার কারণে সৃষ্টি হওয়া ‘ভুল বোঝাবুঝি’ দূর করতেই তিনি ড. ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে চান। তিনি আশাবাদী, এ বৈঠকের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করার সুযোগ পাবেন।
চিঠিতে তিনি লেখেন, “লন্ডনে আপনার সফরকালে সাক্ষাৎ হলে আমার খালার (শেখ হাসিনা) সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারব।”
আরও পড়ুন…
যশোরে যুবককে ছুরিকাঘাত, অভিযুক্ত সামিউল পলাতক
শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার খালার শাসনামলে তিনি ও তার মা প্রভাব খাটিয়ে ঢাকার অভিজাত এলাকায় ৭,২০০ বর্গফুটের একটি প্লট নিয়েছেন। তবে টিউলিপ ও তার আইনজীবীরা এ অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
টিউলিপ তার চিঠিতে আরও লিখেছেন, “আমি লন্ডনে জন্ম নেওয়া একজন ব্রিটিশ নাগরিক। গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশের প্রতি আমার আবেগ রয়েছে, কিন্তু আমি সেখানে জন্মাইনি, বাস করি না এবং কোনো ব্যবসায়িক স্বার্থও নেই।”
তিনি অভিযোগ করেন, তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো জবাব পাননি। বরং দুদক তদন্তের নথি ঢাকা শহরের একটি ‘অজানা ঠিকানায়’ পাঠাচ্ছে। এমনকি এ সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হলেও তার আইনজীবীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।
চিঠিতে টিউলিপ আরও উল্লেখ করেন, “আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, এ ধরনের অভিযোগ কীভাবে একজন সাংসদ হিসেবে আমার দায়িত্ব পালনে এবং দেশের প্রতি আমার অঙ্গীকারে বাধা সৃষ্টি করছে।”
আরও পড়ুন…
আমেরিকায় আসছে নতুন রাজনৈতিক দল?
উল্লেখ্য, যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস টিউলিপকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও তিনি নিজেই পদত্যাগ করেন। তার মতে, বিষয়টি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন। এছাড়া তিনি চ্যাথাম হাউজের একটি থিংক ট্যাংক আলোচনায় অংশ নেবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও বৈঠক করবেন।























