শেখ হাসিনা ও পরিবারের ভোটে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। এই তথ্য বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন।
গত এপ্রিল মাসে শেখ হাসিনা এবং তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করা হয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মাধ্যমে। এর ফলে তারা প্রবাসে বসে ভোট দিতে অযোগ্য হবেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, যাদের এনআইডি লক আছে, তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না।
এনআইডি লক হওয়া শেখ পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক (শেখ রেহানা), টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।
ইসি সচিব আরও বলেন, “সংসদ নির্বাচনে দেশভিত্তিক ও প্রবাসভিত্তিক ভোট হবে। প্রবাসে যারা আছেন, তারা অনলাইনে নিবন্ধন করবেন। এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।”
শেখ হাসিনা ভোট দিতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “উনার তো এনআইডি লক আছে। যাদের এনআইডি লক আছে তারা কেউই ভোট দিতে পারবেন না।”
মামলার কারণে বা অন্য কোনো কারণে বিদেশে অবস্থানরত প্রার্থীদের ভোট দিতে কোনো অসুবিধা নেই, তবে তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে। প্রবাসে ভোটের জন্য অনলাইনে নিবন্ধন করতে এনআইডি নম্বর বাধ্যতামূলক, পাসপোর্ট নয়। যাদের এনআইডি লক থাকবে, তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না।
এদিকে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীরা। পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বিভিন্ন দেশে চলে গেছেন।
























